বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে প্রহরীকে খুঁটির সঙ্গে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যায় চোর চক্র। এ সময় তারা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। নিরাপত্তা প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে লোকজন মাঠে গিয়ে ওই প্রহরীকে উদ্ধার করেন। ঘটনা জানাজানি হলে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গভীর নলকূপের মালিক সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেড়া দিয়েছি। আবার পাহারাদার রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে সাতটিসহ উপজেলার ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে, তাহলে সেচের কাজ করব কেমন করে?’

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
Print