নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুখচর ইউনিয়নের জাগল্লার চরে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সামছু উদ্দিন ও আলা উদ্দিন। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ এবং শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছিল। একই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফোর্স মোতায়েন আছে।







