আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। ভাঙচুর করা হয়েছে ৩টি ঘরবাড়ি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে। সংঘর্ষে আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জাহিদ ভুঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তুজারপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে। এদের একটি নেতৃত্বে রয়েছেন লুৎফুর ভূইয়া ও অন্যটির নেতৃত্বে মওলাদাত মাতুব্বর। দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে হান্নান ভূইয়ার ছেলে ইমন ভূইয়াকে (২২) ফোনে ডেকে নিয়ে মাতুব্বর পক্ষের কিশোররা মারধর করে। আহত অবস্থায় ইমনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে তুজারপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।







