রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল থেকে আদর্শ স্কুল মাঠে জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং পুরো মাঠজুড়ে চেয়ার বসানো হয়েছে। বিকাল ৫টার পরে দলটির আমির নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য শুরু করেন। এর আগে দুপুরের পর থেকে দাড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা মাঠে আসেন। মাঠের ভেতরের চেয়ার পূর্ণ হয়ে গেলে আশপাশের সড়কেও অবস্থান নেন অনেকে।







