বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বাসের চাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত

শেরপুরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর রোববার দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে শেরপুর শহরের দিকে আসছিল। অটোরিকশাটি টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই অটোরিকশার যাত্রী। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Facebook
Twitter
LinkedIn
Print