বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসক্লাবে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর থেকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আউটসোর্সিং কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় পুলিশ বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও আউটসোর্সিং কর্মীরা তা আমলে নেননি।

ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো।

এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রয়োজনে আজ আমরা জীবন দেবো, তবু দাবি আদায় না করে ঘরে ফিরবো না।

এই অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কয়েকশো’ আউটসোর্সিং কর্মী অংশ নিয়েছেন।

এরআগে, সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী।

Facebook
Twitter
LinkedIn
Print