সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকেই প্রাধান্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এমনকি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন,‘অতীতে যারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির আদর্শ ধারণ করে নেতাকর্মী হিসেবে কাজ করবে।’

তবে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যার সঙ্গে জড়িত বা সমর্থনকারী, চাঁদাবাজি ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের জন্য এনসিপির দরজা বন্ধ থাকবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সংস্কার ও গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সরকার নষ্ট করে দিচ্ছে। তার ভাষায়, “এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বাড়ছে এবং জনগণের রায় উপেক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
Print